বরেন্দ্রদূত সংবাদদাতা

যাজকীয় অভিষেকের মধ্য দিয়ে কেউ ক্ষমতা বা পদ লাভ করে না। বরং যাজকীয় অভিষেক সংস্কার হচ্ছে সেবার দায়িত্বলাভ। রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রালে ৩০ ডিসেম্বর ডিকন সৈকত বেনেডিক্ট কুলেন্তুনু, সিএসসি’র যাজকীয় অভিষেক অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন। তিনি আরো বলেন, বনপাড়া ধর্মপল্লীর সন্তান ডিকন সৈকত, সিএসসি কৌমার্য, বাধ্যতা ও দারিদ্রতার ব্রত গ্রহণের মধ্য দিয়ে যিশুর যাজকত্বে অংশগ্রহণ করে নিজেকে জনগণের সেবার্থে উৎসর্গ করছে। আর এই কাজে অনেক প্রলোভন ও পাপ আসবে। তবে জনগণের প্রার্থনা সৈকতের জন্য অস্ত্র হিসাবে কাজ করবে বলে বিশ্বাস করি।

যাজকীয় অভিষেক অনুষ্ঠানে ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, হলিক্রস বাংলাদেশের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি অন্যান্য ফাদার, ডিকন, ব্রাদার, সিস্টার, আমেরিকা থেকে আগত ফাদার, ডিকন ও খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন। উল্লেখ যে, ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ডিকনের মঙ্গল কামনা করে মঙ্গলানুষ্ঠান ও আরাধনা অনুষ্ঠিত হয়।

অভিষেক খ্রিস্টযাগের পর নবাভিষিক্ত যাজকের জন্য সম্বর্ধনা অনুষ্ঠানে ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি বলেন, যাজকীয় জীবনে চলার পথ সৈকতের জন্য কখনোই মসৃণ হবে না। তবে যিশুর ক্রুশের কাছে আশ্রয় নিলে সকল প্রকার বাঁধা-বিঘ্ন অতিক্রম করা সম্ভব। ফাদার জর্জ বক্তব্যে ফাদার সৈকতের মঙ্গলকামনা করেন।

নবাভিষিক্ত যাজক ফাদার সৈকত, সিএসসি অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার জীবনে বহু মানুষের আশির্বাদ আমি উপলব্ধি করেছি। বিশেষ করে আমেরিকাতে যখন পড়াশুনার উদ্দেশ্যে যাই সেখানকার আবহাওয়া ও অন্যান্য বিষয়াদি আমার ভালো লাগতো না। তবে সকল সীমাবদ্ধতা যিশুর ক্রুশের কাছে উৎসর্গ করে শক্তি লাভ করেছি। আজকের এই দিনে আমি প্রত্যেকজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা আমার জন্য আশির্বাদ হয়ে থাকবে।

Please follow and like us: