সংবাদদাতা: মাইকেল টুডু
পোপ চতুর্দশ লিও’র আহ্বানে সাড়া দিয়ে, তালিথা কুম বাংলাদেশ- রাজশাহী ধর্মপ্রদেশের আয়োজনে সাধ্বী যোসেফিন বাকিতার পর্ব এবং দ্বাদশ বিশ্ব মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রার্থনা দিবস উপলক্ষে রাজশাহীর স্নেহনীড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ৮ ফেব্রুয়ারি বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন তালিথা কুম বাংলাদেশ- রাজশাহীর কো-অর্ডিনেটর সিস্টার স্মৃতি রিবেরু, সিআইসি, সিস্টার সারা মণ্ডল সিআইসি, সিস্টার কারোলিনা টুডু, সিআইসি, সিস্টার মার্টিনা হাঁসদা, ইয়ূথ এম্বাসেডর মাইকেল টুডু এবং স্নেহনীড় ও শান্তিরানী হোস্টেলের শিক্ষার্থীবৃন্দ।
সিস্টার স্মৃতি রিবেরু পোপ মহোদয়ের বাণীর উপর আলোচনা করেন। তিনি বলেন, মানব পাচার একটি বৈশ্বিক ক্ষত, যা মানব মর্যাদাকে অস্বীকার করে এবং সর্বত্র সম্প্রদায়ের শান্তিকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এর ভুক্তভোগী হচ্ছে- প্রধানত নারী, শিশু অভিবাসী ও বঞ্চিত মানুষ, বিভিন্ন ধরনের শোষণের মুখোমুখি মানুষ যেমন জোরপূর্বক শ্রম, যৌন নিপীড়ন, দাসত্ব এবং জোরপূর্বক বিবাহ। এছাড়াও তিনি টালিথা কুম সম্পর্কে বলেন, তালিথা কুম কোন চার্চ নয়। এটি বিশ্বব্যাপী কাথলিক সিস্টারদের নেতৃত্বাধীন একটি নেটওয়ার্ক । এটি একটি মুভমেন্ট যা মানব পাচারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এখানে অনেকজন সিস্টার এবং যুব স্বেচ্ছাসেবক যুক্ত রয়েছে। এরপর বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের জন্য জলযোগের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য যে, তালিথা কুম নেটওয়ার্কের শুরু ২০০৯ খ্রিস্টাব্দে। তালিথা কুমের মূল লক্ষ্য হচ্ছে মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসন, সমাজে সচেতনতা বৃদ্ধি, সরকার, চার্চ ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় জোরদার করা। বাংলাদেশে ফাদার লিটন গমেজ, সিএসসি’র নিরলস প্রচেষ্টায় ২০২০ খ্রিস্টাব্দে তালিথা কুম বাংলাদেশের পথচলা শুরু হয়। বর্তমানে তালিথা কুম বাংলাদেশ নেটওয়ার্কের চেয়ারপার্সন হিসেবে আছেন বিশপ জের্ভাস রোজারিও। উপদেষ্টা হিসেবে আছেন ফাদার গমেজ সিএসসি, প্রেসিডেন্ট সিস্টার পুষ্প গমেজ সিএসসি,কান্ট্রি কো-অর্ডিনেটর সিস্টার যোসেফি, এসএসএমআই, সেক্রেটারি সিস্টার সুপর্ণা রোজারিও, এসএমএসএম।




