সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুণ্ডুমালাতে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী পবিত্র শিশুমঙ্গল দিবস। ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি বিভিন্ন গ্রাম থেকে ১৬২ জন শিশু এবং ২০ জন পরিচালিকা, শিক্ষক-শিক্ষিকা ও ফাদার-সিস্টার অংশগ্রহণ করেন।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রার্থনা, উদ্বোধনী নৃত্য, শুভেচ্ছা বক্তব্য, পরিচয়পর্ব, গান ক্লাশ ও বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হয়। ১৫ ফেব্রুয়ারি সকালে খ্রিস্টযাগের পূর্বে শিশুরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। খ্রিস্টযাগের উপদেশে ফাদার বার্নাড টুডু বলেন, পিতামাতা ও অভিভাবকদের শিশুদের জন্য সময় দিতে হয়। শিশুরা সহজ-সরল, তারাই স্বর্গের নাগরিক।
খ্রিস্টযাগের পর ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে ক্লাস দেন। ফাদার উজ্জ্বল গমেজ শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুরাও প্রেরণকর্মী। তারা প্রার্থনা, সেবাকাজ ও একে অপরকে সাহায্য করার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের কাজে অংশগ্রহণ করে।
এরপর দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাইবেল ভিত্তিক নাটিকা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেণীভিত্তিক ধর্মশিক্ষা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।




