সংবাদদাতা: আশিক টপ্য
মুশরইল ধর্মপল্লী ও সেমিনারীর প্রতিপালক সাধু পিতরের মহাপর্ব উদযাপন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ মারাণ্ডী, ফাদার অনিল মারাণ্ডী ও ফাদার উজ্জ্বল গ্রেগরী।
খ্রিস্টযাগের পূর্বে বিশপ এবং যাজকগণকে সাঁন্তালি কৃষ্টিতে বরণ করে নেওয়া হয়। খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, আমরা একসাথে সাধু পিতরের ধর্মাসন পর্ব উদযাপন করছি। আমরা অনেক আনন্দ করছি তবে আমাদের আরো বেশি সাধু পিতরের মতো হয়ে উঠতে হবে। সাধু পিতর ছিলেন মণ্ডলীর প্রথম পোপ; যার ধারাবাহিকতা এখনো বিরাজমান। মুশরইল সেমিনারীও সাধু পিতরের নামে উৎসর্গীকৃত। সেমিনারীয়ানরা সাধু পিতরের আদর্শকে ধারণ করে সেই পথেই যাত্রা করছে। আমাদের শত বাধা-বিপত্তির মুখেও যিশুকে ধারণ করা উচিত।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আপনাদের সকলকে ধর্মপল্লীর পাল পুরোহিত হিসেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
খ্রিস্টযাগের পরে ধর্মপল্লীর খ্রিস্টভক্ত ও সেমিনারীয়ানদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




