সংবাদদাতা: সুশীল টুডু

রাজশাহী ধর্মপ্রদেশের পাস্টোরাল সেন্টারে কাটেখিস্ট সিস্টার ও প্রার্থনা পরিচালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তপস্যাকালীন নির্জনধ্যান ও পুণ্য দিবসত্রয়ের প্রশিক্ষণ। ২ থেকে ৫ মার্চ রাজশাহী ধর্মপ্রদেশীয় বাইবেলীয় ও ক্যাটেক্যাটিক্যাল কমিশনের উদ্যোগে এই নির্জনধ্যান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নির্জন ধ্যান পরিচালনা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি প্রলোভন জয়ী যিশুর উপর আলোচনায় বলেন, মরুভূমি হলো পরীক্ষা ও সংগ্রামের প্রতীক। প্রলোভন এমন এক আকর্ষণ যা আমাদের ক্ষতির দিকে নিয়ে যায়। মানুষ যা জয় করতে পারে না ঈশ্বর সেই প্রলোভন দেন না। মানুষের জীবনে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে সর্বত্রই প্রলোভন আসে। ঈশ্বরের দৃষ্টিতে আমাদের খারাপ ও দূরে রাখার জন্য শয়তান প্রতিনিয়ত পরীক্ষা ও প্রলোভন দিয়ে যায়। মানব জীবনে ছোট বিষয় থেকে পরীক্ষা ও প্রলোভন আরম্ভ হয়। উপবাস কাল মন পরিবর্তনের সময়। এই সময় মন পরিবর্তনের মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের সময়। আমাদের জীবনের রিপু, মন্দতা, লোভ , অহংকার ও ক্ষমতার প্রলোভন জয় করার চেষ্টা করা দরকার।

ফাদার লিংকন পুণ্য দিবসত্রয়ের ইতিহাস, এর তাৎপর্য ও পালনের বিষয় আলোচনা করেন। শেষে পাপস্বীকার ও ক্রুশের পথের মাধ্যমে দুই দিনের নির্জন ধ্যান ও প্রশিক্ষণ সমাপ্ত হয়। উল্লেখ থাকে যে, বিভিন্ন ধর্মপল্লী থেকে ৭০ জন কাটেখিস্ট সিস্টার, মাষ্টার ও প্রার্থনা পরিচালক এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করেছিলেন।

Please follow and like us: