সংবাদদাতা: শর্মী কস্তা
কারিতাস রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হলো কারিতাস দিবস ও লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ১৫ মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।
অনুষ্ঠানের শুরুতে ছিলো আসন গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন ও সর্বজনীন প্রার্থনা। এরপর স্বাগত বক্তব্য ও কারিতাস দিবসের তাৎপর্য তুলে ধরেন ড. আরোক টপ্য। তিনি বলেন, অনুষ্ঠানটি মূলত দুইটি পর্বে বিভক্ত- কারিতাস দিবস উদযাপন এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান। তিনি কারিতাসের মানবসেবামূলক কার্যক্রম ও কর্মীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে তিন ধর্মের আলোকে ত্যাগ ও সেবা অভিযানের মূলসুর “প্রার্থনা, শ্রবণ ও উপবাস: আত্মরূপান্তরের পবিত্র আহ্বান” বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ইসলাম ধর্মের আলোকে আলোচনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী। তিনি বলেন, বৈশ্বিক ব্যস্ততার মাঝে মানুষ যেন সবসময় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে যায়। সনাতন ধর্মের আলোকে আলোচনা করেন শ্রী সুব্রত কুমার সরকার, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী এবং সহ-সভাপতি, রামকৃষ্ণ মিশন আশ্রম, ঘোড়ামারা, রাজশাহী। তিনি বলেন, মানুষ যেন সর্বদা মন-প্রাণ দিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য প্রার্থনায় নিমগ্ন থাকে এবং জাগতিক প্রাচুর্যের ঊর্ধ্বে উঠে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয়।
খ্রিস্টধর্মের আলোকে আলোচনা করেন ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ভিকার জেনারেল, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ এবং সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি ও চ্যাপলেইন, কারিতাস রাজশাহী অঞ্চল। তিনি বলেন, প্রার্থনা, শ্রবণ ও উপবাস কাথলিক মণ্ডলীর বিশ্বাসের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
এরপর কারিতাস রাজশাহী অঞ্চলে কর্মরত কর্মীদের মাঝে লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ৩৭ জন কর্মী এই সম্মাননা লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও বলেন, আমরা যেন সৃষ্টিকর্তার প্রকৃত মানুষ হতে পারি এবং তাঁর পরিকল্পনা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। তিনি আরও বলেন, মানুষ যেন মন, প্রাণ ও আত্মায় পরিবর্তনের মাধ্যমে সত্যিকার আত্মরূপান্তরের পথে এগিয়ে যায়।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যে ড. আরোক টপ্য বলেন, সকলের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। বিশেষ করে প্রাক্তন সহকর্মীদের উপস্থিতি আমাদের মনে নতুন আশা জাগায়। তিনি লং সার্ভিস এ্যাওয়ার্ডপ্রাপ্ত কর্মীসহ সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কারিতাসের ত্যাগ ও সেবার অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন।




