বরেন্দ্রদূত সংবাদদাতা

সারা পৃথিবীতে যুদ্ধ-অশান্তি চলছে। শিশুরা এই যুদ্ধের শিকার হচ্ছে সবচেয়ে বেশি। অনেক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে মারা যাচ্ছে। শিশুদের নিরাপত্তার কথা কেউ ভাবে না। বাংলাদেশের প্রেক্ষিতেও অনেকক্ষেত্রে শিশুরা অবহেলিত ও নির্যাতিত। আমরা নিজ নিজ অবস্থান থেকে শিশুদের নিরাপত্তার জন্য কাজ করতে পারি। ১৭ মার্চ কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হাউজে শহরে অবস্থানরত পথশিশুদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান মোহাম্মদ কিবরিয়া, রাজশাহী ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও, উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুর্মু, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া, ফাদার প্যাট্রিক গমেজ ও কারিতাসের কর্মকর্তাসহ ৪১ জন পথশিশু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান মোহাম্মদ কিবরিয়া বলেন, শিশুরা হচ্ছে ফেরেশতাদের মতো। শিশুদের মতো সহজ-সরল হতে না পারলে সৃষ্টিকর্তার দেখা পাওয়া যায় না। আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের শিশুবয়সের কথা বেমালুম ভুলে যাই। তবে ভুলে যাওয়া উচিত নয়। বর্তমানে শিশুরা পরিবার, সমাজ ও দেশে সবচেয়ে বেশি নির্যাতনের সন্মুখীন। তিনি আরো বলেন, রাজশাহী শহরের পথশিশুদের নিয়ে কারিতাসের সহযোগিতায় বিশপ মহোদয়ের সাথে এই ইফতার পার্টি শিশুদের মনে বিশালভাবে দাগ কাটবে। এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

এরপর বিশপ জের্ভাস রোজারিওসহ অন্যরা পথশিশুদের সাথে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। একজন পথশিশু অনুভূতি ব্যক্ত করে বলে, এই বাড়িতে আমি আগেও একবার এসেছি, তবে আজকে আমার অনেক আনন্দ লাগছে। আমার মতো আরো অনেক শিশু রয়েছে যারা আসতে পারেনি। আমি ফিরে গিয়ে তাদের সাথে আজকের ইফতার পার্টির গল্প করবো।

Please follow and like us: