সংবাদদাতা: প্রতীক্ষা রোজারিও, জাগ্রতী কোড়াইয়া ও শ্রাবন্তী গমেজ
“প্রায়শ্চিওকাল: উপবাস, প্রার্থনা ও দানশীলতার মধ্যদিয়ে যাত্রা” মূলভাবের আলোকে বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুবাদের জন্য প্রায়শ্চিওকালীন আধ্যাত্মিক সেমিনার। ২০ মার্চ অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ফাদার আন্তনী হাঁসদা, ফাদার শৈবাল রোজারিও, ফাদার ব্লেইজ কস্তা, ৩ জন সিস্টার ও অংশগ্রহণকারীসহ মোট ২০০ জন। সেমিনার শুরু হয় পবিত্র ক্রুশের পথের মধ্য দিয়ে।
মূলভাবের আলোকে আলোচনা করেন ফাদার শৈবাল রোজারিও। তিনি বলেন, প্রার্থনা মানে কেবল কিছু মুখস্থ শব্দ বলা নয়, এটি হলো ঈশ্বরের সঙ্গে একটি জীবন্ত সর্ম্পক স্থাপন। প্রার্থনা আমাদের মনকে শান্ত করে, সঠিক পথে পরিচালিত করে এবং জীবনের কঠিন মুহুর্তে শক্তি যোগায়। উপবাস মানে শুধু খাবার খাওয়া থেকে বিরত থাকা নয় বরং উপবাস হলো আত্মসংযম শেখা ও নিজের খারাপ অভ্যাস থেকে দূরে থাকা। দানশীলতা শুধু অর্থ দান করা নয় বরং এটি হলো ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করা।
এরপর অনুষ্ঠিত হয় ক্রুশীয় আরাধনা, পাপস্বীকার সংস্কার ও বাইবেলের সামারীয় নারীর ঘটনা অবলম্বনে ক্ষুদ্র নাটিকা প্রদশর্নী। খ্রিস্টযাগের উপদেশে ফাদার আন্তনী হাঁসদা বলেন, প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের কথোপকথন হয়। প্রতিদিন অল্প সময় হলেও প্রার্থনা করা প্রয়োজন।




