বরেন্দ্রদূত সংবাদদাতা
আজ থেকে ঊনিশ বছর আগে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হিসাবে বিশপীয় অভিষেক লাভ করেছিলাম। আজকে শ্রদ্ধাভরে স্মরণ করি, প্রয়াত আর্চবিশপ পৌলিনুস কস্তাকে; যিনি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ছিলেন এবং এরপরই আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আমি রাজশাহী ধর্মপ্রদেশের প্রত্যেকজন দায়িত্বরত ফাদার ও প্রতিষ্ঠান প্রধানদের আমার কাজে নানাভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাকে তাঁর কাজের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন বিধায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
২২ মার্চ রাজশাহী বিশপ হাউজে অনুষ্ঠিত ঊনিশতম বিশপীয় অভিষেক বার্ষিকীতে অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, অন্যান্য ফাদার, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ব্রাদার, সিস্টার, খ্রিস্টভক্ত ও অতিথিবৃন্দ।
সন্ধ্যায় রবিবাসরীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগের পর বিশপকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শুভেচ্ছা বক্তব্যে ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, বিশপ জের্ভাস রোজারিও’র সুদক্ষ, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে রাজশাহী ধর্মপ্রদেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বিশপ মহোদয় এখনো অনেক কর্মক্ষম এবং দায়িত্বশীল। বিশপ মহোদয়ের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।
ড. আরোক টপ্য বলেন, বিশপ জের্ভাস রোজারিও একজন বিচক্ষণ ব্যক্তিত্ব। তিনি যেমন স্বপ্ন দেখেন, তেমনি অন্যকেও স্বপ্ন দেখতে উৎসাহিত করেন। বিশ্বের বিভিন্ন স্থানের যুদ্ধ নিয়ে তিনি উদ্বিগ্ন। এছাড়াও মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠায় বিশপ জের্ভাস রোজারিও’র বহু কাজ উদাহরণ হিসেবে থাকবে।
আগত ফাদার, ব্রাদার, সিস্টার ও অতিথিবৃন্দ ফুল ও উপহার প্রদানের মধ্য দিয়ে বিশপকে শুভেচ্ছা জানান। এছাড়াও ছিলো নৃত্য এবং কেক কাঁটা অনুষ্ঠান।




