সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
রাজশাহী ধর্মপ্রদেশীয় হলিক্রস ফ্যামিলি ও রোজারী মিনিষ্ট্রির সহযোগিতায় সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুণ্ডুমালাতে অনুষ্ঠিত হলো রোজারিমালা বিষয়ক সেমিনার। ১৯ মার্চ এতে গ্রামের মায়েরা ও কয়েকজন ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন।
সেমিনারের মূলভাব ছিল “এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আর্দশে জীবন গড়ি”। এতে আলোচক ছিলেন শান্তিরানী সংঘের সিস্টার জয়ন্তী রিবেরু। সিস্টার বলেন, আমরা জপমালা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সকল চাওয়া-পাওয়া, ভক্তি-বিশ্বাস ও শ্রদ্ধা নিবেদন মা-মারীয়ার মধ্যস্থায় ঈশ্বরের কাছে তুলে ধরি। তিনি বিভিন্ন সাধু-সাধ্বীদের প্রার্থনার জীবন এবং বিভিন্ন সাধু-সাধ্বী জপমালা প্রার্থনা বিষয়ে কি বিশ্বাস ধারণ করেছেন এবং ফল পেয়েছেন তা তুলে ধরেন। তিনি সাধ্বী মাদার তেরেজা’র উদাহরণ দিয়ে বলেন, সাধ্বী তেরেজা সব সময় রোজারিমালা হাতে রাখতেন ও প্রার্থনা করতেন। সাধু আন্তনী প্রার্থনা করলে যিশু তাঁর কোলে নেমে আসতেন। পরিবারে প্রার্থনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যে পরিবার একত্রে প্রার্থনা করে, সে পরিবার একসঙ্গে বাস করে’।
ফাদার অনিল মারাণ্ডী ফ্রান্সে তার তীর্থের অভিজ্ঞতা সহভাগিতা করেন। তিনি বলেন, সেখানে ৭২টি আশ্চর্য কাজ সাধিত হয়েছে। তিনি মানুষের মাথা থেকে মন্দ চিন্তা দূর করার এবং ভাল চিন্তা ও ভাল কাজ করার আহ্বান জানান। রোজারিমালা মঙ্গলসমাচারের সংক্ষিপ্তসার হিসেবে সবাইকে বিশ্বাস নিয়ে রোজারিমালা করার আহ্বান করেন।
এরপর ছিলো পাপস্বীকার সংস্কার অনুষ্ঠান। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার অনিল মারাণ্ডী, সঙ্গে ছিলেন ফাদার উজ্জ্বল গমেজ ও পাল-পুরোহিত ফাদার বার্নাড টুডু।




