সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লী, মুণ্ডুমালাতে সারাদিনব্যাপী যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি, পাপস্বীকার ও খ্রিস্টযাগ। ২৪ মার্চ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে যুবক-যুবতীরা অংশগ্রহণ করে। সেমিনারের মূলসুর ছিল ‘প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন পরিবর্তনের সময়’।
সকালে প্রার্থনা, স্বাগত বক্তব্য ও পরিচয় প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূলসুরের উপর আলোচনায় ফাদার উজ্জ্বল গমেজ বলেন, প্রায়শ্চিত্তকাল আত্মশুদ্ধি, মন পরিবর্তন ও যিশুর সান্নিধ্যে যাত্রার সময়। এ যাত্রা আমাদেরকে নিয়ে যায় যিশুর ক্রুশ মৃত্যু পর্যন্ত এবং শেষে যিশুর সঙ্গে আমরা পাপের দিক থেকে পুনরুত্থান করি। তিনি তার উপস্থাপনায় পুরাতন নিয়ম ও নতুন নিয়মে উপবাস বা প্রায়শ্চিত্তের বিভিন্ন ঘটনা তুলে ধরে এর গুরুত্ব উপলবদ্ধি করতে সকলকে অনুপ্রাণীত করেন। তিনি আরো বলেন, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বড় কোন পরিবর্তনের সময় উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপর ছিলো পাপস্বীকার সংস্কার ও খ্রিস্টযাগ। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বার্নাড টুডু। খ্রিস্টযাগের উপদেশে ফাদার যুবক-যুবতীদের আরও বেশী মণ্ডলী ও ধর্মপল্লীতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যখন দুঃখ-কষ্টে ও হতাশার মধ্যে থাকি তখন আমরা যেন যিশুর কষ্টের কথা চিন্তা করি, যিশুর ক্রুশের দিকে তাকাই তাহলেই আমরা শান্তি পাব, পরিত্রাণ লাভ করব।




