বরেন্দ্রদূত সংবাদদাতা
উত্তরের জনপদ বরেন্দ্র নামে খ্যাত রাজশাহী ধর্মপ্রদেশ থেকে পৃথক হয়ে জন্ম হলো জয়পুরহাঁট ধর্মপ্রদেশ। নতুন ধর্মপ্রদেশের নতুন ধর্মপাল মনোনীত হয়েছেন ফাদার পল গমেজ। ২৫ মার্চ দূতসংবাদ মহাপর্ব দিনে বাংলাদেশ সময় বিকাল ৫ টায় রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হাউজে বিশপ জের্ভাস রোজারিও এই ঘোষণা দেন। উল্লেখ থাকে যে, একই সময়ে ভাটিকানেও বিশপ মনোনীত হওয়ার সংবাদ ঘোষণা করা হয়।
বিকাল ৪টায় বিশপ হাউজে বিশ্বশান্তির জন্য অনুষ্ঠিত হয় প্রার্থনানুষ্ঠান। এর পরই বিশপ জের্ভাস রোজারিও নতুন ধর্মপ্রদেশ জয়পুরহাঁট ও নতুন ধর্মপালের নাম পাঠ করে শোনান। উপস্থিত ফাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ হর্ষোল্লাস ও করতালির মধ্য দিয়ে নতুন ধর্মপ্রদেশ ও মনোনীত বিশপ পল গমেজকে শুভেচ্ছা-অভিনন্দন জানান।
বিশপ জের্ভাস রোজারিও বলেন, অনেক ত্যাগ, কষ্ট ও পরিশ্রমের ফসল হচ্ছে জয়পুরহাঁট ধর্মপ্রদেশ। খ্রিস্টভক্তজনগণের আধ্যাত্মিক ও বৈষয়িক যত্নের জন্য এই ধর্মপ্রদেশের দরকার ছিলো। ঈশ্বরকে আরো ধন্যবাদ জানাই- তিনি নতুন ধর্মপ্রদেশের জন্য বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজকে বেছে নিয়েছেন। মনোনীত বিশপ পল গমেজ তাঁর প্রজ্ঞা, বুদ্ধি, দূরদর্শিতা ও বিচক্ষণতা দ্বারা নতুন ধর্মপ্রদেশকে পরিচালিত করবেন।
মনোনীত বিশপ পল গমেজ অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার প্রাণ ঈশ্বরের প্রতি আজ ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ভরপুর। আমার অযোগ্যতা থাকা সত্ত্বেও তিনি আমাকে ধর্মপাল হিসাবে বেছে নিয়েছেন। নতুন ধর্মপ্রদেশে অনেক ধরণের চ্যালেঞ্জের মধ্যে সকল জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে তাদের আধ্যাত্মিক ও সার্বিক উন্নয়নে কাজ করবো। আর এই যাত্রায় আপনাদের প্রার্থনা ও সহযোগিতা আমার জন্য অত্যন্ত দরকার।
উল্লেখ থাকে যে, নতুন ধর্মপ্রদেশ জয়পুরহাঁটের অধীনে জয়পুরহাঁট, নওগাঁ, ও বগুড়া জেলার বেনীদুয়ার, চাঁদপুকুর, খঞ্জনপুর, বেগুনবাড়ি, লক্ষ্মীকুল, হাসানবেগপুর, কৃষ্ণবল্লভপুর, লক্ষ্মণপুর, কাঁটাডাঙ্গা, ভূতাহারা, দেলুয়াবাড়ি ও বগুড়ায় অবস্থিত মিশনকেন্দ্রটি থাকবে। এছাড়াও দিনাজপুর ধর্মপ্রদেশের অধীনস্থ পাথরঘাটা ধর্মপল্লীটি নতুন ধর্মপ্রদেশের সাথে যুক্ত হবে।




