সংবাদদাতা: ডানিয়েল লর্ড রোজারিও
মুশরইল ধর্মপল্লীতে প্রথমবারের মতো মঞ্চায়িত হলো যিশুর জীবন্ত ক্রুশের পথ । ২৭ মার্চ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী ও ফাদার অনিল মারাণ্ডীসহ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। শুরুতে ছোট প্রার্থনানুষ্ঠান ও অনুধ্যান সহভাগিতার মধ্য দিয়ে যাতনাভোগকাহিনী শুরু হয়।
অনুধ্যান সহভাগিতায় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী বলেন, যিশুর জীবন্ত ক্রুশের পথ মঞ্চায়নের মধ্য দিয়ে আজকে চেষ্টা করা হবে যিশুর কষ্ট ও যন্ত্রনাভোগ ফুটিয়ে তোলার। তাই আসুন আমরা অনুভব ও উপলব্ধি করতে চেষ্টা করি এবং নিজেদের জীবনের পাপময়তা ত্যাগ করি। এরপর শুরু হয় জীবন্ত ক্রুশের পথ। মরুপ্রান্তরে যিশুর চল্লিশ দিন চল্লিশ রাত উপবাস ও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম থেকে শুরু করে যিশুর সমাধি পর্যন্ত পুরো ঘটনা মঞ্চয়ন হয়।
যিশুর চরিত্রে অভিনয়কারী ভূবন কোড়াইয়া বলেন, যিশুর চরিত্রে অভিনয় করে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমি আজকে যিশুর কষ্টটা অন্তরে অনেক বেশি উপলব্ধি করেছি।
পরিশেষে পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ বলেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। ভাওয়াল অঞ্চলে যিশুর যাতনাভোগ কাহিনী, বিভিন্ন পালা, কষ্টের গানসহ আরো অনেক ঐতিহ্য রয়েছে তবে আমাদের মধ্য ভিকারিয়া বা এই অঞ্চলে প্রচলন নেই। সাধু পিতর সেমিনারির উদ্যোগে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। তাই আমি কলাকৌশলী সকলকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।




