বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী ধর্মপ্রদেশের খরখরিতে আরএনডিএম সিস্টারদের ভবিষ্যত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ক্রয়কৃত জমিতে আশির্বাদ ও উদ্বোধন করা হয়েছে সিস্টারদের থাকার জন্য নতুন ভবন। ২৯ মার্চ আশির্বাদ অনুষ্ঠান ও পবিত্র খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, নয়জন যাজক, আরএনডিএম বাংলাদেশ প্রভিন্সের প্রভিন্সিয়াল সিস্টার পূরবী পাস্কালিনা চিরান এবং উল্লেখযোগ্য সংখ্যক সিস্টার।
শুরুতে বিশপ জের্ভাস নবনির্মিত সিস্টার বাড়ি আশির্বাদ করেন। এরপর অনুষ্ঠিত হয় খ্রিস্টযাগ। পবিত্র খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, রাজশাহী শহরের পাশে আরএনডিএম সিস্টারগণের জমিক্রয় একটি ঐতিহাসিক ঘটনা। এই জমিতে যখন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে তখন তা জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই প্রতিষ্ঠান শিক্ষাসেবা প্রদান করবে।
খ্রিস্টযাগের পর ধন্যবাদমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রভিন্সিয়াল সিস্টার পূরবী পাস্কালিনা চিরান বলেন, অনেক প্রতিকূল পরিবেশের পরেও এই জমিক্রয় করতে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।




