সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়
শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী, ভূতাহারায় যুবক-যুবতীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে যুবগঠন সেমিনার ও পুণ্য সপ্তাহের প্রস্তুতি সভা। ২৬ থেকে ২৯ মার্চ এতে ষষ্ঠ শ্রেণী থেকে কলেজপড়ুয়া ১৩২ জন যুবা শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী খ্রিস্টযাগের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা।
২৭ থেকে ২৮ মার্চ পুণ্য সপ্তাহ ও উপাসনায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ে শিক্ষা দেন ফাদার লুইস সুশীল পেরেরা। যুব নৈতিকতা ও আধ্যাত্মিকতা বিষয়ে ফাদার যোহন মিন্টু রায়, যুব স্বপ্ন ও আহ্বান বিষয়ে ফাদার পল পিটার কস্তা ও সাক্রামেন্ত বিষয়ে ফাদার মাইকেল হেম্ব্রম আলোচনা করেন।সান্তালী ভাষার উচ্চারণ, বাণীপাঠ এবং উপাসনা সঙ্গীত শিক্ষা দেন বার্ণাবাস হাঁসদা। এছাড়াও তিনদিনের অনুষ্ঠানসূচীতে ছিল পুণ্য সপ্তাহের গান শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ মার্চ মহাসমারোহে সকলে তালপত্র রবিবারের খ্রিস্টযাগে অংশগ্রহণ করে এবং খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশে তিনি যিশুর ক্রুশবহনে সাহায্যকারী শিমন ও শিষ্য পিতরের ভূমিকার কথা উল্লেখ করে সকলকে তাদেরই মতো বিশ্বাসী ও কষ্টসহিষ্ণু হতে আহ্বান করেন।
খ্রিস্টযাগ ও সকালের আহারের পর ছিল শ্রেণীভিত্তিক প্রার্থনা প্রতিযোগিতা, বাইবেল কুইজ, বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী।
Please follow and like us:




