বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ধর্মপল্লীগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান উৎসব। উৎসবকে কেন্দ্র করে ধর্মপল্লীগুলো বিভিন্ন সাজে সজ্জ্বিত করা হয়। এছাড়াও গির্জাগুলোতে আয়োজন করা হয় প্রার্থনা ও খ্রিস্টযাগ। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও পুনরুত্থান রবিবারের খ্রিস্টযাগ উৎসর্গ করেন বাগানপাড়া কাথিড্রাল ধর্মপল্লীতে।
পুণ্য বৃহস্পতিবার বারো শিষ্যের পা ধোয়ানো অনুষ্ঠান, পুণ্য শুক্রবার ক্রুশের পথ, ক্রুশের অর্চনা, পুণ্য শনিবার নিস্তার উৎসব এবং পুনরুত্থান রবিবার বিশেষ ভাবগাম্ভির্য এবং ভক্তিসহকারে খ্রিস্টভক্তগণ নিজ নিজ ধর্মপল্লীর গির্জাগুলোতে অংশগ্রহণ করেন।
বিশপ জের্ভাস রোজারিও কাথিড্রাল ধর্মপল্লীতে পুনরুত্থান রবিবারের খ্রিস্টযাগের উপদেশে বলেন, যিশুর সাথে আমাদেরও প্রতিদিন পুনরুত্থান করতে হয়। আর সেই পুনরুত্থান হচ্ছে- পাপ, মন্দতা ও অশান্তি থেকে পুনরুত্থান। বিশপ জের্ভাস বর্তমান বিশ্বে যুদ্ধের ভয়াবহতার কারণে যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের মঙ্গলকামনায় বিশেষ প্রার্থনা করেন। বিশ্বে যেন শান্তি আসে সেই কামনাও করেন বিশপ।
নবাই বটতলা ধর্মপল্লীর খ্রিস্টভক্ত কস্তানতিনা হাঁসদা বলেন, পুনরুত্থান উৎসব আমাদের জীবনে প্রতিবছর আসে। তবে এই বছর সারা পৃথিবীতে যুদ্ধের ভয়াবহতার কারণে মানুষ অশান্তির মধ্যে রয়েছে। পুনরুত্থান উৎসব যেন সবার জীবনে শান্তি, ন্যায্যতা ও ভালবাসার বাণী বয়ে আনে।




