বরেন্দ্রদূত সংবাদদাতা

ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা সেই স্বাধীনতা কিভাবে ব্যবহার করবো তা নিজের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের নিজের ইচ্ছা পূর্ণ করতে গেলে আনন্দ পরিপূর্ণতা পায় না। তাই ব্রতধারী-ধারিণী হিসেবে নিজে আনন্দে থাকবো এবং জনগণকে আনন্দে রাখবো। ১৬ ফেব্রুয়ারি নিবেদিত জীবন দিবসে উদযাপনে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন।

রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের আয়োজনে নিবেদিত জীবন দিবসের মূলভাব ছিলো ‘নিবেদিত জীবনে আনন্দপূর্ণ সেবায় অংশগ্রহণ’। এতে উপস্থিত ছিলেন ধর্মপ্রদেশে কর্মরত ফাদার, ব্রাদার এবং সিস্টারগণ।

ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া বলেন, আমরা সারা বছর পালকীয় সেবাকাজে ব্যস্ত থাকি। তবে নিজের জন্য সময় দেওয়া দরকার। আজ ফাদার, ব্রাদার ও সিস্টারদের নিজের জন্য সময় দেবার দিন।

নিবেদিত জীবন বর্ষের মূলভাবের উপর আলোচনা করেন ফাদার ফাবিয়ান মারাণ্ডী। তিনি বলেন, নিবেদিত জীবন শুধু কাজ নয় বরং জীবনধারা। বাইবেলের পুরাতন নিয়মে আব্রাহামের জীবন হচ্ছে ঈশ্বরের  প্রতি পূর্ণ নিবেদিত।  এছাড়াও নতুন নিয়মে প্রেরিত শিষ্যদের জীবনও ছিলো নিবেদিত। আমরাও নিজেদেরকে ঐশরাজ্যের জন্য নিবেদন করেছি। আর এই জীবন শুধু কাজের জন্য নয় বরং আনন্দে জীবন যাপন এবং অন্যের মাঝে আনন্দ বিতরণের জীবন। তিনি আরো বলেন, আনন্দ মণ্ডলীকে নবীকৃত করে।  একসঙ্গে বসবাসের মধ্য দিয়ে আনন্দ লাভ সম্ভব।

নিবেদিত জীবন উদযাপন দিবসে প্রয়াত ফাদার পিটার ডেভিড পালমার রচিত কাব্যগ্রন্থ  ‘বড়ালসখী’র মোড়ক উন্মোচন করা হয়।

 

Please follow and like us: