সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন

নবাই বটতলা ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের জন্য ‘পুনরুত্থিত খ্রিস্টে আনন্দপূর্ণ পালকীয় সেবাকাজ’ মূলসুরের উপর পাষ্কা পুনর্মিলনী ও সহভাগিতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়। মধ্য ভিকারিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে সেবারত ৪৪ জন ফাদার-ব্রাদার ও সিস্টার অংশগ্রহণ করেন।

অতিথিদের আসন গ্রহণ, পুনরুত্থান প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়। এরপর কমিশনের সেক্রেটারী ও নবাই বটতলা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্যসহ সেমিনারের উদ্দেশ্য তুলে ধরেন। মূলসুরের উপর আলোচনা করেন ধর্মপ্রদেশের চ্যান্সেলর ও আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও। তিনি বলেন, যাজকীয় ও ব্রতীয় জীবনে সেবাকাজ শুধু দায়িত্ব নয় বরং খ্রিস্টের সাথে এটি আনন্দপূর্ণ যাত্রা। যাজকীয় ও ব্রতীয় জীবনে সেবাকাজ হলো খ্রিস্টে আনন্দ উপলদ্ধি করে সেবাকাজ করা। আনন্দপূর্ণ সেবাকাজ বলতে শুধু হাসি-খুশি জীবনকে বুঝায় না বরং বুঝায় ঈশ্বরের উপর গভীর বিশ্বাস নিয়ে কাজ করা।

উন্মুক্ত আলোচনায় ফাদার-ব্রাদার ও সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের আনন্দপূর্ণ অভিজ্ঞতা ও ঘটনা সহভাগিতা করেন।

Please follow and like us: