সংবাদদাতা: ব্রাদার রিংকু কস্তা

বর্ণাঢ্য আয়োজন, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রবীণমেলা। ১৩ নভেম্বর ‘আলোকিত বোর্ণী ধর্মপল্লী সংগঠন’ এর সার্বিক ব্যবস্থাপনায় ও ধর্মপল্লীর বিভিন্ন সংঘের সহযোগিতায় দিনভর নানা কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এই মেলা উদযাপিত হয়। ধর্মপল্লীর ৬০ বছরের ঊর্ধ্বে ৪৮৮ জন প্রবীণ (দাদু-দিদা ও নানা-নানি) এই মিলনমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া পবিত্র খ্রিস্টযাগ অর্পণ এবং প্রবীণদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

পবিত্র খ্রিস্টযাগ শেষে শুরু হয় মেলার দ্বিতীয় পর্বের আয়োজন। শুরুতেই প্রবীণদের ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। এরপর মনোরম উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক আবহ তৈরি করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রতিনিধি মিসেস এলিজাবেথ পায়েল গমেজ। প্রবীণদের প্রতি সমাজ ও পরিবারের দায়িত্ব এবং তাদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রবীণদের অনুভূতি প্রকাশ ও জীবন-অভিজ্ঞতা বিনিময়, যেখানে প্রবীণরা তাদের জীবনের স্মৃতিময় গল্প ও বর্তমান অনুভূতির কথা তুলে ধরেন। এছাড়া প্রবীণদের মেধা ও আনন্দকে আরও বাড়িয়ে তুলতে আয়োজন করা হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, প্রবীণদের উপযোগী খেলাধুলা এবং উন্মুক্ত আলোচনা সভা।

দুপুরের প্রীতিভোজের পর বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই প্রাণের মেলার সমাপ্তি ঘটে।

Please follow and like us: