সংবাদদাতা: পৌল পলাশ সরেন

“খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: হায়রে আমি, মঙ্গলসমাচার যদি প্রচার না করি!” (১ করিন্থীয় ৯:১৬) মূলভাবের আলোকে আন্ধারকোঠা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে পালকীয় কর্মশালা। ৩১ অক্টোবর অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার ফাবিয়ান মার্ডী, ফাদার সনেট কস্তা ও ব্রাদার পৌল পলাশ সরেনসহ ৮০ জন খ্রিস্টভক্ত।

মূলভাবের আলোকে আলোচনা করেন ফাদার ফাবিয়ান মার্ডী। তিনি আলোচনায় খ্রিস্টভক্তদের ঐক্য, ভালোবাসা ও সুসমাচার প্রচারের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি সাধু পল, পিতর ও সাধ্বী মাদার তেরেজার জীবনাদর্শ তুলে ধরে বাণীপ্রচার, সেবাকাজ ও আত্মত্যাগের মাধ্যমে খ্রিস্টিয় জীবনযাপনের জন্য এগিয়ে আসতে বলেন।

এরপর অংশগ্রহণকারীদের চারটি দলে বিভক্ত করে দলীয় আলোচনা, সহভাগিতা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি দলের দলনেতা তাদের আলোচনার বিষয়গুলো উপস্থাপন করেন এবং ফাদার প্রেমু রোজারিও মঙ্গলসমাচার প্রচারের গুরুত্ব ও বাস্তব প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনায় সকলের সম্মতিতে ধর্মপল্লী এবং খ্রিস্টভক্তের জন্য অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

অগ্রাধিকারগুলো হলো- খ্রিস্টিয় পরিবার হিসেবে নিয়মিত রবিবাসরীয় খ্রিস্টযাগে যোগদান, নিয়মিত পরিবারিক প্রার্থনা ও মঙ্গলসমাচার পাঠ, ধর্মপল্লীর ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ, অনুদান ও মাণ্ডলীক সকল কর্মকাণ্ডে সহযোগিতা, নিজ নিজ কৃষ্টি-সংস্কৃতি ও ভাষার অনুশীলন, খ্রিস্টধর্মশিক্ষার জন্য মাসিক অনুদান প্রদান ও নতুন নতুন গ্রামে বাণীপ্রচার।

Please follow and like us: