দুটি হাত: এক হয়ে থাকে

দুটি হাত
শুদ্ধ-সুন্দর, নরম-কমনীয়
প্রথম স্পর্শে নতুন শিহরণ
পথচলার আগ্রহে
দুটি হাত ভালবাসার বন্ধন।

দুটি হাত
শুভ কর্মের সূচনা
নিত্য-নতুন কর্মের মঙ্গলময় প্রভা
সেবা-কল্যাণ কর্মব্রতে
সর্বদাই শুভবার্তার বাহক।

দুটি হাত
খেলা করে কর্মে-নৃত্যে-ছন্দে
শক্ত মুষ্টিতে প্রত্যাশার জয়গান গায়
এগিয়ে চলার দৃপ্ত পায়ে
বিশ্রামের নিবিড় পথ রচনা করে।

দুটি হাত
মিলনের ছোঁয়ায় পাশাপাশি থাকে
অমৃতকাল সেবার মহিমায় রচনা করে
প্রেম-প্রীতির দীপ্ত বন্ধনে
সাহসী মনে আনন্দময় জীবনের কথা বলে।

দুটি হাত
অভয় বাণীতে সত্য-সুন্দরের
সবল রেখা প্রেমময় জীবন গড়ে
সুখ-দুঃখ, আনন্দ-বেদনার মাঝে
বিশ্বাসের বাঁধনে ‘দুটি হাত’ এক হয়ে থাকে।

Please follow and like us: