বরেন্দ্রদূত সংবাদদাতা
আর্চবিশপ মোজেস স্মৃতি ফুটবল একদিনের টুর্নামেন্ট– ২০২৬-এ অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী ধর্মপ্রদেশ ফুটবল দল। ২১ নভেম্বর ঢাকার মঠবাড়িস্থ সাধু অগাস্টিন ধর্মপল্লী প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুরু থেকেই রাজশাহী ধর্মপ্রদেশের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়াশৈলী, দলীয় সমন্বয়, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের পরিচয় দেন। প্রথম ম্যাচে খুলনা ধর্মপ্রদেশকে ৪–০ গোলে পরাজিত করে রাজশাহী দল জয়যাত্রা শুরু করে। এরপর সেমিফাইনালে ময়মনসিংহ ধর্মপ্রদেশকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনাল খেলায় রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিপক্ষ ছিল দিনাজপুর ধর্মপ্রদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় রাজশাহী দল ২–০ গোলে দিনাজপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তিনটি ম্যাচেই জয়লাভ করে রাজশাহী ধর্মপ্রদেশের এই শিরোপা অর্জন খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দলীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়নশিপ অর্জন রাজশাহী ধর্মপ্রদেশের ক্রীড়াঙ্গনে এক আনন্দময় ও গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। এ বিজয়ে খেলোয়াড়, প্রশিক্ষক, আয়োজক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।




