সংবাদদাতা: প্রতীক রোজারিও
‘স্বপ্ন এখন বাস্তবের পথে’— মূলসুরকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্বর্গীয় ফাদার আঞ্জেলো কান্তন পিমে ক্রেডিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ২৪ এপ্রিল এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জেভাস রোজারিও। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, অন্যান্য ফাদারগণ, উপজেলা ক্রেডিটের চেয়ারম্যান ও সেক্রেটারি, ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্টন বার্নাবাস রোজারিও, ভাইস চেয়ারম্যান শ্যামল হিউবার্ট কস্তা, সেক্রেটারি পরিমল কস্তা, ঢাকাস্থ বোর্ণী ক্রেডিটের সভাপতি সুকুমার কোড়াইয়া ও উপদেষ্টা মণ্ডলী।
প্রধান অতিথির বক্তব্যে বিশপ জেভাস রোজারিও বলেন, এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে সদস্যদের পথচলা আরও সহজ ও সমৃদ্ধ হবে। ভবন নির্মাণের প্রতিটি ধাপ যেন শুভ ও কল্যাণকর হয়, সেই প্রার্থনা করি। বক্তব্য শেষে বিশপ মহোদয়, ক্রেডিটের চেয়ারম্যান, সেক্রেটারি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় ক্রেডিটের চেয়ারম্যান বার্নাবাস রোজারিও আবেগঘন কণ্ঠে বলেন, এতদিন আমাদের নিজস্ব কোনো ভবন ছিল না। আজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবের পথে। নিজস্ব ভবন নির্মাণের এই যাত্রায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এরপর ভবনের নকশা ও নির্মাণ পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন ভাইস চেয়ারম্যান শ্যামল হিউবার্ট কস্তা। আধুনিক এই অবকাঠামোগত পরিকল্পনা দেখে উপস্থিত সদস্য এবং যুবক-যুবতীরা তাদের ইতিবাচক মতামত এবং সন্তুষ্টি প্রকাশ করেন।




