সংবাদদাতা: ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু
কাথিড্রাল ধর্মপল্লী’র অধীনস্থ সাধু যোসেফের গির্জা, ধর্মহাটায় শ্রমিক সাধু যোসেফের পর্ব পালন করা হয়। ১ মে অনুষ্ঠানে পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু, ফাদার স্বপন পিউরীফিকেশন, ফাদার শ্যামল গমেজ, ফাদার লিংকন কস্তা এবং উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
সান্তালী নৃত্য, পা ধোয়ানো ও ফুলের মধ্যে দিয়ে ফাদার, অতিথি ও খ্রিস্টভক্তজনগণকে অভ্যর্থনা জানানো হয়। পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার ফাবিয়ান মারান্ডী। তিনি উপদেশে বলেন, আমরা যেন শ্রমিক সাধু যোসেফের ন্যায় গুণ অর্জন করি। তিনি যেমন একাধারে বিশ্বস্ত, সৎ কর্মী ও সাধক ছিলেন। ঠিক তেমনি একজন খ্রিস্টভক্ত হিসেবে আমাদের দায়িত্ব হলো সেগুলোকে অর্জন করা। তিনি আরো বলেন, সাধু যোসেফকে শ্রমজীবী মানুষের আদর্শ এবং প্রতিপালক হিসেবে গণ্য করা হয়, কারণ তিনি একজন কাঠমিস্ত্রি হিসেবে কঠোর পরিশ্রমের মাধ্যমে যিশু ও মাতা মারীয়াকে ভরণপোষণ করেছিলেন। সাধু যোসেফ তাঁর কাজের মাধ্যমে নম্রতা, ধৈর্য ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন।




