সংবাদদাতা: ফাদার সনেট কস্তা

রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে ধর্মপল্লীর প্রতিপালিকা নিত্য সাহায্যকারিণী কুমারী মারীয়ার পর্ব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। পর্ব উপলক্ষে তিন দিনব্যাপী নভেনা প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

২৭ জুন ধর্মপল্লীর প্রধান ফটক থেকে নিত্য সাহায্যকারিণী কুমারী মারীয়ার প্রতিকৃতি নিয়ে যাজকবৃন্দ, সিস্টার এবং প্রায় ছয়শত খ্রিস্টভক্তের অংশগ্রহণে পাাড়িয়া ভাষায় কীর্তন, প্রার্থনা ও নৃত্যের মধ্য দিয়ে শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করা হয়। পবিত্র খ্রিস্টযাগের প্রধান পৌরহিত্য করেন ফাদার উজ্জ্বল গ্রেগরী। এছাড়াও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার পল পিটার কস্তা ও ফাদার সনেট কস্তা ছিলেন।

খ্রিস্টযাগের উপদেশে ফাদার উজ্জ্বল গ্রেগরী নিত্য সাহায্যকারিণী কুমারী মারীয়ার মাতৃস্নেহ, তাঁর মধ্যস্থতাকারী ভূমিকা এবং বিশ্বাসীদের জীবনে অব্যাহত সহায়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, মা মারীয়ার মধ্য দিয়ে আমরা খ্রিস্টের আরও নিকটবর্তী হতে পারি। তিনি সকলকে প্রার্থনাময় জীবন, দৃঢ় বিশ্বাস এবং মা মারীয়ার আদর্শ অনুসরণ করে খ্রিস্টিয় জীবনে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান।

খ্রিস্টযাগ শেষে উপস্থিত সকলের মধ্যে আশীর্বাদিত বিস্কুট বিতরণ করা হয়। পরে পর্ব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, সঙ্গীত, দলীয় ও একক অভিনয়ের মাধ্যমে নিত্য সাহায্যকারিণী কুমারী মারীয়ার জীবন ও বিশ্বাসের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

 

Please follow and like us: