সংবাদদাতা: রনি রোজারিও

‘বিবাহ একটি ঐশ্বরিক আহ্বান। এই আহ্বানে সাড়া দিয়ে নারী ও পুরুষ দাম্পত্য জীবন শুরু করে। তাই সংসার জীবনে সর্বদা ঈশ্বরের ওপর নির্ভরশীল থাকতে হবে’- ৬ আগস্ট বোর্ণী ধর্মপল্লীতে দিনব্যাপী অনুষ্ঠিত অনুপ্রেরণামূলক দম্পতি সেমিনারে কথাগুলো বলেন ফাদার প্রদীপ কস্তা। রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশন এবং বোর্ণী ধর্মপল্লীর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ৩২২ জন অংশগ্রহণকারী অংশ নেন। সেমিনারের মূলসুর ছিল ‘খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: মঙ্গলসমাচার প্রচারে পরিবারের ভূমিকা’।

প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশনের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা এবং সন্ধ্যা পিরিচ। সন্ধ্যা পিরিচ তার বক্তব্যে আদর্শ পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমাদেরকে যিশু, মারীয়া ও যোসেফের পবিত্র পরিবারের আদর্শে পরিবার গড়ে তুলতে হবে। সংসারে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তা সাহসের সাথে মোকাবেলা করে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার’। এছাড়াও অনুষ্ঠানে ফাদার সুরেশ পিউরীফিকেশন এবং মিসেস লাভলী ও মিস্টার মার্টিন দম্পতি সুন্দর ও আদর্শ পরিবার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সেমিনারে বক্তাদের বক্তব্যের পাশাপাশি দলীয় আলোচনা এবং উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়; যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন।

 

Please follow and like us: