সংবাদদাতা: ডিকন মিঠুন গমেজ
“খ্রিস্টে দৃঢ় বিশ্বাস, নেতৃত্বে অগ্রগ্রামী, সেবায় নিবেদিত” মূলভাবকে কেন্দ্র করে রাজশাহী কারিতাসে অর্ধদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ওয়াইসিএস সেমিনার। ১৪ই আগষ্ট অনুষ্ঠিত সেমিনারের প্রধান উদ্দেশ্য ছিলো তরুণ-তরুণীদের খ্রিস্টিয় বিশ্বাসে আরও দৃঢ় করা, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ করা এবং সমাজ ও মণ্ডলীর প্রতি সেবামূলক মনোভাব গড়ে তোলা।
উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীর সকল গ্রাম থেকে ২০৭ জন শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে কারিতাস প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। প্রার্থনা, বাইবেল পাঠ, বিষয়ভিত্তিক ক্লাস, দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, পবিত্র খ্রিস্টযাগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের আহার এবং আনন্দঘন সহভাগিতার মধ্য দিয়ে দিনটি সুন্দরভাবে অতিবাহিত হয়। ওয়াইসিএস এর লক্ষ্য, উদ্দেশ্য ও মিশন সম্পর্কে আলোচনা করেন উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মার্ডী। ‘একজন খ্রিস্টান শিক্ষার্থীর শিক্ষা, পরিচয় ও নেতৃত্ব’ বিষয়ের আলোকে কথা বলেন রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক ট্টপ্য।
বক্তাদের আলোচনায় বিষয়গুলো উঠে আসে যে, খ্রিস্টবিশ্বাস শুধু মুখে স্বীকার করা নয় বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও কাজে খ্রিস্টকে অনুসরণ করার নামই প্রকৃত বিশ্বাস। নেতৃত্ব মানে শুধু অন্যদের নির্দেশ দেওয়া নয়; বরং আগে এগিয়ে গিয়ে অন্যদের পথ দেখানো এবং প্রয়োজনে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করা ।




