বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হাউজে বিশপ জের্ভাস রোজারিও’র পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৫ আগষ্ট উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গমেজ, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, জয়পুরহাট ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আন্তনী হাঁসদা, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, রাজশাহী মিশন হাসপাতালের সিও প্রদীপ চাঁদ মণ্ডলসহ ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্ত।
বিশপ জের্ভাস রোজারিও’র মঙ্গলকামনায় সন্ধ্যায় পবিত্র আরাধনা; এরপর মহাসমারোহে বিশপের জন্মদিন অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে বিশপ পল গমেজ বলেন, বিশপ জের্ভাস রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশের জনগণের আধ্যাত্মিক যত্নে ব্যাপক কাজ করেছেন। জয়পুরহাট ধর্মপ্রদেশ প্রতিষ্ঠার সাহসী ও যুগোপযোগী সিদ্ধান্ত বিশপ জের্ভাস রোজারিও’র কারণেই সম্ভব হয়েছে। এমন সুযোগ্য একজন বিশপ প্রদান করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী বলেন, বিশপ জের্ভাস রোজারিও’র অনেক গুণাবলী রয়েছে। তিনি একজন জ্ঞানী এবং প্রজ্ঞাবান বিশপ। তাঁর নেতৃত্বে রাজশাহী ধর্মপ্রদেশ অনেকদূর এগিয়ে গিয়েছে।
বিশপ জের্ভাস রোজারিও জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জন্মদিন আমাকে স্মরণ করিয়ে দেয় যে, ঈশ্বর আমাকে আরেকটি বছর উপহার দিয়েছেন। আর এই জন্মদিনে আমি উপলব্ধি ও মূল্যায়ন করি যে, ঈশ্বর আমার মধ্য দিয়ে অনেক কাজ সাধন করেছেন। তবে সেটা আমার কাজ নয়; সবই ঈশ্বরের গৌরবের নিমিত্তে। অনেক কাজ এখনো সম্পন্ন করতে পারিনি। আজকের এই আনন্দ ও আশীর্বাদিত দিনে ঈশ্বর ও আমার স্বর্গীয় পিতামাতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত ফাদার, ব্রাদার, সিস্টার ও অতিথিগণ বিশপকে জন্মদিনের উপহার প্রদান করেন।




