বরেন্দ্রদূত সংবাদদাতা

নাটোরে অবস্থিত সাধু ফেব্রিসের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান। ধর্মপল্লীর ২৩ জন প্রার্থী হস্তার্পণ সংস্কার গ্রহণ করে। ২৩ আগষ্ট হস্তার্পণ সংস্কার খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিনো জাকোমেল্লী, পিমে, আরএনডিএম সিস্টারদের প্রভিন্সিয়াল সিস্টার শিউলী গমেজ, অন্যান্য সিস্টার এবং খ্রিস্টভক্তগণ। প্রার্থীদের জন্য ২২ আগষ্ট পাপস্বীকার সংস্কারেরও ব্যবস্থা করা হয়।

খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস রোজারিও প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, হস্তার্পণ সংস্কার গ্রহণের মধ্য দিয়ে তোমরা খ্রিস্টবিশ্বাস রক্ষার যাত্রায় একেকজন বলবান সৈনিক হয়ে উঠবে। অর্থাৎ তোমরা ঈশ্বরের সৈনিক। আজকে যে পবিত্র হৃদয়-মন ও আগ্রহ নিয়ে পবিত্র আত্মাকে গ্রহণ করছ সেই একই হৃদয়-মন সারাজীবন ধরে রাখবে। মনে রাখবে- যিশু তোমাদের ভালোবাসেন। তোমাদেরও উচিত যিশুর পথে চলা। জনগণের উদ্দেশ্যে বিশপ বলেন, খ্রিস্টভক্ত হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। দীক্ষাস্থান গ্রহণের মধ্য দিয়ে আমরা প্রেরণের দায়িত্ব পেয়েছি। আর এই প্রেরণ হচ্ছে বাণীপ্রচারের কাজকে নৈতিক দায়িত্ব বলে গ্রহণ করা। তবে বাণীপ্রচার আমরা জীবনাচরণ দিয়েও প্রকাশ করতে পারি।

খ্রিস্টযাগের পর প্রার্থীদেরকে হস্তার্পণ সংস্কারের স্মৃতিকার্ড প্রদান করা হয়।

 

Please follow and like us: