সংবাদদাতা: তুষার বেনেডিক্ট বিশ্বাস
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পোস্ট এইচএসসি খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ ২০২৬। রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী ধর্মপ্রদেশ ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ১২৮ জন অংশগ্রহণকারী এবং ফাদার-সিস্টার, এনিমেটর ভলেন্টিয়ারসহ ১৪৫ জন অংশগ্রহণ করে।
২০ আগষ্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আন্তনী হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার শ্যামল জেমস্ গমেজ, ফাদার প্রশান্ত টি. আইন্দ, ফাদার সাগর কোড়াইয়াসহ আরও কয়েকজন ফাদার এবং সিস্টার। এ প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য হলো- বর্তমান বাস্তবতার মাঝেও আমাদের যুব সমাজ যেন পথভ্রষ্ট না হয় বরং খ্রিস্টের সাথে যুক্ত থেকে পবিত্র জীবনযাপনের মাধ্যমে বেড়ে ওঠে। এ প্রশিক্ষণের মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছিল “মিলন সাধনা, সংহতি ও বাণীপ্রচারে যুব সমাজ; আমার ভালবাসার আশ্রয়ে থেকো”।
প্রশিক্ষণে পবিত্র বাইবেল: শিষ্যচরিত ও পত্রসমূহ, কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা, খ্রিস্টমণ্ডলীর ইতিহাস, পারিবারিক জীবন ও প্রজনন স্বাস্থ্য, জীবনের লক্ষ্য নির্ধারণ ও উচ্চতর শিক্ষা, বিশ্লেষণ পদ্ধতি: যুব নৈতিকতা-মূল্যবোধ, চ্যালেঞ্জ ও আমাদের করণীয়, জনসেবায় জীবন গঠন, চ্যালেঞ্জ: মাদক, জিজিটাল প্রযুক্তি, জীবনাহ্বান ও প্রযুক্তির উন্নয়ন: কৃত্রিম বুদ্ধিমত্ত্বার প্রভাব বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের জন্য ছিলো এক্সপোজার, পবিত্র বাইবেলের ঘটনার আলোকে নাটিকা প্রতিযোগীতা; পবিত্র খ্রিস্টযাগ, ক্রুশীয় আরাধনা ও পাপস্বীকার।
২৫ আগষ্ট দুপুরে সমাপনী খ্রিস্টযাগ, পুরষ্কার বিতরণী এবং সনদপত্র বিতরণ করার মধ্য দিয়ে প্রশিক্ষণ সমাপ্ত হয়।




