সংবাদদাতা: ফাদার ব্লেইজ সুমিত কস্তা
রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়া পোপ পল ষষ্ঠ সেমিনারীর পরিচালকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। ২৪ আগষ্ট অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, বিদায়ী পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন, নবাগত পরিচালক ফাদার ব্লেইজ সুমিত কস্তাসহ ১০ জন যাজক, ৯ জন সিস্টার ৩৫ জন সেমিনারীয়ানসহ ৫৪ জন।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। বিশপ উপদেশে বলেন, আমরা প্রত্যেকেই আহ্বানপ্রাপ্ত। বিভিন্ন জায়গা থেকে ঈশ্বর আমাদের তুলে নিয়ে আসেন এবং তার কাজের জন্য নিয়োগ দেন। তাই আমাদের বিশ্বস্থতা ও দায়িত্বশীলতা ঈশ্বরের আহ্বানকে পরিপূর্ণতা দান করে।
খ্রিস্টযাগের পর অনুষ্ঠিত হয় ধন্যবাদ জ্ঞাপন ও বরণানুষ্ঠান। বিশপ মহোদয়, ফাদার সুরেশ পিউরীফিকেশন, ফাদার ব্লেইজ কস্তাসহ উপস্থিত সকল ফাদার, সিস্টারদের ফুলের শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। বিশপ মহোদয় বক্তব্যে বলেন, সেমিনারীতে পরিচালক হিসেবে দায়িত্ব হলো তরুণ সেমিনারীয়ানদের জীবনযাত্রায় সর্বক্ষণিক সঙ্গী হওয়া; তাদের সাথে প্রার্থনা, কর্ম ও জীবনের প্রতি পদক্ষেপে সঠিক দিকনির্দেশনা প্রদান করা। বিদায়ী ফাদার সুরেশ পিউরীফিকেশন বলেন, সেমিনারীতে যখন প্রথম দায়িত্ব পেয়ে আসি; কেমন যেন ভয় লাগছিলো। তবে দিন যতই অতিবাহিত হয়েছে ভাললাগা ততই বেড়েছে। যেহেতু বাধ্যতার ব্রত নিয়েছি তাই অন্যত্র বদলী হতে হবে এটাই বাস্তবতা।
রাত্রিতে বিদায় বরণ উপলক্ষ্যে সেমিনারীয়ানদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে নবাগত পরিচালকের পরিচালনায় ক্ষুদ্র প্রার্থনা ও আশীর্বাদের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।




