বরেন্দ্রদূত সংবাদদাতা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার ও কারিতাসের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। ১২ অক্টোবর সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।
বিশপ জের্ভাস রোজারিও দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে সমাজে শান্তি, ঐক্য, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশের বহুধর্মীয় সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের ভূয়সী প্রশংসা করেন সহকারী হাইকমিশনার।
দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারকে বিশপ জের্ভাস রোজারিও’র শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ সমাজে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




