সংবাদদাতা: সজীব আন্তনী কুলেন্তুনু (ক্যাম্পাস প্রতিনিধি)
সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো মনোবিজ্ঞান ও কৃষি বিষয়ক দুটি আলাদা আলাদা শিক্ষাসফর। দ্বাদশ শ্রেণির ধারাবাহিক পাঠ্যক্রমের বাহিরে শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা প্রদান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে সেন্ট যোসেফস কলেজ শাখা এ দুটি শিক্ষামূলক পরিদর্শন ভ্রমণ আয়োজন করে।
১৫ নভেম্বর মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে পাবনা মানসিক হাসপাতালে একটি পূর্ণ দিবস শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। এই শিক্ষাসফরে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকসহ হাসপাতালে মানসিক ভারসাম্যহীন রোগীদের সার্বিক পর্যবেক্ষণ এবং তাদের বর্তমান মানসিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের সাথে আলাপচারিতা করেন।
হাসপাতাল পরিদর্শন শেষ হলে শিক্ষক শিক্ষার্থীরা পার্শ্ববর্তী রানা ইকোপার্কে সময় কাটান। সেখানে দুপুরের আহার গ্রহণ, লটারি ও ফটোসেশন পর্ব শেষে কলেজ প্রাঙ্গণে ফিরে আসেন।
২২ নভেম্বর কৃষি বিষয়ে অধ্যয়ন করছে এমন শিক্ষার্থীদের মধ্য থেকে ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে রাজশাহী রেশম গবেষণা ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত হয় কৃষি শিক্ষাসফর।
উক্ত শিক্ষাসফরে শিক্ষার্থীরা প্রথমেই রেশম জাদুঘর পর্যবেক্ষণ করে। জাদুঘর সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষক-শিক্ষার্থীদের রেশম পোকা চাষের খুঁটিনাটি বিষয়সমূহ উপস্থাপন করেন। সেইসাথে রেশম পোকার জীবনচক্র সম্পর্কে অবহিত করেন। এসময় শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে জাদুঘর পর্যবেক্ষণ করে।
জাদুঘর পর্যবেক্ষণ শেষে রেশম কারখানা ঘুরে দেখা হয়। শিক্ষার্থীরা রেশমের সুতা তৈরি থেকে শুরু করে কাপড় বুননকৌশল সম্পর্কে হাতেকলমে জ্ঞান লাভ করে। এরপর মধ্যাহ্নভোজ শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা হয়। বিশেষত সাবাশ বাংলাদেশ ভাস্কর্য, বিখ্যাত প্যারিস রোড ও রাবি কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে রাজশাহী বিখ্যাত টি-বাঁধে সময় কাটান শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর ছিলো লটারি ড্র ও ফটোসেশন পর্ব।




