সংবাদদাতা: ফাদার জের্ভাস মুর্মু
উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী ‘লবাণ উৎসব ও সাংস্কৃতি মেলা’। ২৭ নভেম্বর রাজশাহী কোর্ট স্টেশন থেকে আদিবাসীদের বিভিন্ন গোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির পোশাক পরিহিত অবস্থায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও, সভাপতি ফাদার ফাবিয়ান মার্ডী, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রার পর কাথিড্রাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
লবাণ উৎসবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রতন কুমার, লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি কাঞ্চন সিং উরাঁও, পরিচালক, বিভাগীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্যসহ ফাদার, সিস্টার ও আদিবাসী জনগণ।
লবাণ উৎসবে বিভিন্ন কৃষ্টির উপকরণ, পিঠা-পায়েস ও অন্যান্য সামগ্রী মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, সভাপতি ও অতিথিবৃন্দকে উপহার হিসেবে প্রদান করা হয়। এরপর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ধন্যবাদ ও প্রশংসামূলক প্রার্থনা করেন ফাদার বাপ্পী ক্রুজ।
শুভেচ্ছা বক্তব্যে ফাদার ফাবিয়ান মার্ডী বলেন, এই উৎসব শুধু অনুষ্ঠানের জন্য নয়; বরং আমাদের কৃষ্টি-সৃংস্কৃতিকে ধরে রাখা এবং অনুশীলন করার উৎসব। বিশেষ অতিথি কাঞ্চন সিং বলেন, আদিবাসীরা হলেন সংস্কৃতিমনা ও আনন্দপ্রিয় মানুষ। তাই যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন উৎসব অনুশীলন করে যাব। অধ্যাপক ড. রতন কুমার বলেন, আমরা প্রত্যেকে যেন সংস্কৃতিবান মানুষ হতে সচেষ্ট হই। নিজ নিজ কৃষ্টি নিজের অন্তরে গেঁথে রাখি।
বিশপ জের্ভাস রোজারিও বলেন, লবাণ উৎসব সবচেয়ে সুন্দর ও পবিত্র দিকটি হলো- নতুন ফসল দিয়ে তৈরী খাবার নিজেদের গ্রহণের পূর্বে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা। এই লবাণ উৎসব শুধু সনাতন ধর্মেই নয়; বাংলার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও ফসল কাটার উৎসব হিসেবে গির্জায় নতুন ফসল উৎসর্গ করা হয়।
বিকালে ছিলো সাংস্কৃতিক, কনসার্ট এবং লটারী ড্র অনুষ্ঠান।




