সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
সাধু যোসেফ ধর্মপল্লী রহনপুরে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার। ১৫ আগষ্ট সারাদিনব্যাপি এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলভাব ছিল, “যীশু খ্রিস্টের সাথে একাত্ম হওয়ার যাত্রা”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৮০ জন ছেলে-মেয়ে ও ৪ জন এনিমেটর এই সেমিনারে অংশগ্রহণ করে।
প্রার্থনা ও বাণীপাঠের মাধ্যমে সেমিনার শুরু হয়। প্রার্থনা শেষে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপরেই শুরু হয় বিষয়ভিত্তিক আলোচনা। সেমিনারের মূলভাবের উপর আলোচনা করেন ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস। সিস্টার আরতি হালদার বয়ঃসন্ধিকাল: স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও ফাদার সুশান্ত ডি’কস্তা ওয়াইসিএস আন্দোলন বিষয়ের উপর ক্লাস নেন।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সুশান্ত ডি’কস্তা। তিনি উপদেশে বলেন, যিশু খ্রিস্টের সাথে একাত্ম হয়ে তাঁর সাথে পথ চলতে হলে আমাদের প্রত্যেককেই তাঁর মতো জীবন-যাপন করতে হবে। ব্যক্তিগত জীবনে প্রার্থনা, ভালবাসা, ক্ষমা, নম্রতা গুণগুলো অর্জন করতে হবে। যিশু খ্রিস্টের সাথে একাত্ম হওয়ার আর একটি গুরুত্বপূর্ণ পথ হলো ‘খ্রিস্টযাগ’।
দুপুরের আহারের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছেলেমেয়েরা প্রাণবন্ত অংশগ্রহণ করে।




