বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হাউজে প্রয়াত ফাদার বার্ণার্ড রোজারিও’র স্মরণে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। উক্ত সভায় রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ফাদার-ব্রাদারগণ উপস্থিত ছিলেন।
১৯ আগষ্ট যাজকদের নির্জনধ্যানের মধ্যবর্তী সময়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুরুতে ফাদার বার্ণার্ড রোজারিও’র আত্মার চিরশান্তি কামনায় বিশপ ফাদারের প্রতিকৃতিতে ফুলের মালা প্রদান ও মোমবাতি প্রজ্জ্বলন করেন। এরপর ফাদার বার্ণার্ড রোজারিও’র বিষয়ে স্মৃতিচারণ করেন ফাদার দিলীপ এস. কস্তা। তিনি বলেন, ফাদার বার্ণার্ড ও আমি একই সাথে সেমিনারীতে প্রবেশ এবং যাজকীয় অভিষেক লাভ করি। তিনি ধর্মপল্লীর পালকীয় সেবাকাজে অত্যন্ত নিষ্ঠাবান এবং কর্মঠ ছিলেন। সব সময় তিনি ধর্মপল্লীকে নিয়ে ভাবতেন। আর সেটার প্রমাণ আমরা তার জীবনকালে দেখেছি।
ফাদার সাগর কোড়াইয়া স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ফাদার বার্ণার্ড রোজারিও’র সাথে রহনপুর ধর্মপল্লীতে সহকারী হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। ফাদারের সুন্দর একটা মন ছিলো। আর ফাদারের এই সুন্দর মনের উদাহরণ রহনপুরে অনেক রয়েছে। তিনি সহকারী পুরোহিতকে স্নেহ ও ভালবাসতেন। কখনো খবরদারি বা পুলিশগিরি করেননি।
বিশপ জের্ভাস রোজারিও স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ফাদার বার্ণার্ড অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে বলেছিলাম। তবে ফাদারের দৃঢ় বিশ্বাস ছিলো যে তিনি বাংলাদেশের চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন। তবে ঈশ্বর যা চান তাই হয়। ফাদার বার্ণার্ড আজ স্বর্গে আছেন। তিনি আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন- আমরা যেন নিজেদের যত্ন করি।




