ভূতাহারা ধর্মপল্লীর চাকলা গ্রামে যুব সেমিনার ও শিশুমঙ্গল
ভূতাহারা ধর্মপল্লীর চাকলা গ্রামে কেন্দ্রভিত্তিক যুব সেমিনার ও শিশুমঙ্গল দিবস পালন করা হয়। ২১ আগষ্ট এতে চাকলা ও শাহলালপুর গ্রামের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ২৪ জন শিক্ষার্থী এবং ৩৭ জন শিশু অংশগ্রহণ করে। খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায় এবং উপদেশে তিনি আহ্বান বিষয়ে বলেন , প্রভু যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করেন এবং বলেন, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। যুব নৈতিকতা, ওয়াইসিএস গঠন ও দায়িত্ব পালন বিষয়ে আলাপ-আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ, শিশুদের প্রার্থনা শিক্ষা ও প্রার্থনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনের কার্যক্রম সমাপ্ত হয়।
নিয়ামতপুরে বিশ্বরাণী মারীয়ার পর্ব পালন
ভূতাহারা ধর্মপল্লীর নিয়ামতপুর উপধর্মপল্লীতে এলএইচসি সিস্টারগণের প্রতিপালিকা বিশ্বরাণী মা মারীয়ার পর্ব পালন করা হয়। ২২ আগষ্ট পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার পাত্রাস হাঁসদা এবং সঙ্গে ছিলেন ফাদার যোহন মিন্টু রায়, তিন জন এলএইচসি সিষ্টার ও খ্রিস্টভক্তগণ। খ্রিস্টযাগের উপদেশে ফাদার যোহন মিন্টু রায় বিশ্বরাণী মা মারীয়ার নানা গুণাবলী উল্লেখ করে কুমারী মারীয়ার প্রার্থনাশীলতা, বাধ্যতা ও ধৈর্য্যশীলতার গুণ অনুসরণের জন্য সবাইকে আহ্বান জানান। খ্রিস্টযাগের শেষে সিষ্টারগণকে পর্বীয় শুভেচ্ছা জানানো হয়।




