সংবাদদাতা: প্রতীক রোজারিও
“বিশ্বাসীদের আদর্শ, যীশু ভক্ত সাধু আন্তনী” মূলসুরকে হৃদয়ে ধারণ করে মথুরাপুর ধর্মপল্লীর কাতুলী গ্রামে পরম ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হলো মহান সাধু আন্তনীর পর্ব উৎসব। ২৪ এপ্রিল পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।
নয়দিনের নভেনায় অংশগ্রহণের মধ্য দিয়ে খ্রিস্টভক্তগণ আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, সাধু আন্তনী এক সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পারিবারিক সমস্ত মায়া ও বিলাসিতা ত্যাগ করেন। তিনি দরিদ্র মানুষের সাথে মিশে গিয়েছেন এবং তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েছেন। তিনি আজীবন প্রজ্ঞা ও নম্রতার পথে চলেছেন।
বিশপ খ্রিস্টভক্তদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আরও বলেন, আমাদের উচিত নিজেদের অহংকার ও নেতিবাচক মানসিকতা ত্যাগ করে নিজেকে চেনা। সাধু আন্তনীর মতো নিজেকে বিনয়ী রেখে নিজের এবং অন্যের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করাই হোক আমাদের জীবনের লক্ষ্য।
পাল পুরোহিত ফাদার শৈবাল রোজারিও সাধু আন্তনীর পর্বে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কাতুলীর খ্রিস্টভক্ত পল রোজারিও বলেন, প্রতিবছর সাধু আন্তনীর এই পর্বের পরিধি বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস সাধু আন্তনী সবার মনোবাসনা পূর্ণ করবেন।




