সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

১ মে ভূতাহারা ধর্মপল্লীর প্রতিপালক শ্রমিক সাধু যোসেফের পর্ব পালন করা হয়। এদিন সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন চাঁদপুকুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া। এছাড়াও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা, দুইজন সহকারী ফাদারসহ উপস্থিত ছিলেন ফাদার সুশান্ত ডি’কস্তা, ফাদার প্লাবন রোজারিও, ওএমআই, ফাদার সাগর তপ্ন, ফাদার উজ্জ্বল গমেজ।

খ্রিস্টযাগের পূর্বে অতিথি ফাদারগণকে নৃত্য ও আদিবাসী কৃষ্টিতে পা ধোয়ানো ও ফুলের মাধ্যমে বরণ করে নেন ধর্মপল্লীবাসী। খ্রিস্টযাগের উপদেশে ফাদার বাবলু কোড়াইয়া সাধু যোসেফের প্রার্থনা, নীরবতাসহ বিভিন্ন গুণাবলী উল্লেখ করে সেগুলো অনুসরণের জন্য সকলকে আহ্বান জানান। খ্রিস্টযাগের পর অনুভূতি ব্যক্ত করে ফাদার সুশান্ত ডি’কস্তা বলেন, সাধু যোসেফকে আমরা বিভিন্ন নাম ও উপাধিতে ভূষিত করি। তিনি একজন সর্বজনীন ও শক্তিশালী সাধু; আমরা সাধু যোসেফের মাধ্যমে প্রার্থনা করে ঈশ্বরের কৃপা লাভ করি।

পাল পুরোহিত ফাদার লুইস সকলকে সর্বদা সাধু যোসেফের মাধ্যস্থতায় প্রার্থনা করতে আহ্বান জানান এবং সহকারী ফাদার যোহন মিন্টু রায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পর্ব উপলক্ষে খ্রিস্টযাগের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please follow and like us: