সংবাদদাতা: প্রশান্ত সন্তোষ মুর্মু
সাধু পিতর সেমিনারী, মুশরইলে অনুষ্ঠিত হলো শিশু ও বিশেষ চাহিদাসম্পন্নদের সুরক্ষা বিষয়ক সেমিনার। ২৪ জুন রাজশাহী ধর্মপ্রদেশীয় সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক কমিশনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারের মূল লক্ষ্য ছিলো সুরক্ষা সম্পর্কে সেমিনারিয়ান ও পরিচালকদের সচেতনমূলক বার্তা দেওয়া।
সেমিনারে উপস্থিত ছিলেন সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী, আধ্যাত্মিক পরিচালক ফাদার অনিল ইগ্নাসিউস মারাণ্ডী ও ফাদার দানিয়েল মুর্মুসহ ১৭ জন সেমিনারিয়ান। সেমিনার পরিচালনা করেন ফাদার উইলিয়াম মুর্মু। তিনি বলেন, একজন শিশু এবং ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিকাশে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুরক্ষার প্রয়োজন রয়েছে। আমরা যেন শিশুকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে বড়দের মতোই যথাযোগ্য সম্মান দিই। তিনি আরো বলেন, ভবিষ্যৎ যাজক হিসেবে এখন থেকেই তোমাদের শিশুসহ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়ষ্কদের জন্য হতে হবে একটি নিরাপদ আশ্রয়। তোমাদের দ্বারা যেন কোন শিশুর বিনাশ না ঘটে। নিজের এবং অন্যের সুরক্ষা সম্পর্কে তোমাদের সর্বদা সচেতন থাকতে হবে।




