সংবাদদাতা: ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী

স্বর্গোন্নীতা মারীয়ার ধর্মপল্লী, গোপালপুরের আয়োজনে ও রাজশাহী ধর্মপ্রদেশীয় হলি ক্রস ফ্যামিলি ও রোজারী মিনিস্ট্রি’র সহযোগিতায় পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দেবস্বরূপ কুজুর, এসভিডি, ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডীসহ, ২ জন সিস্টার, বিভিন্ন গ্রামের ১১০ জন মারীয়া সংঘের সদস্যা ও মায়েরা অংশগ্রহণ করেন।

২৬ জুন অনুষ্ঠিত সেমিনারের মূলভাব ছিল, “যে পরিবার একত্রে প্রার্থনা করে, সেই পরিবার একত্রে বাস করে”। সেমিনারের শুরুতে ছিল উদ্বোধনী প্রার্থনা ও মা মারীয়ার গান। এরপর সেমিনারে ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী মূলবিষয়ের উপর আলোচনা করেন। তিনি বলেন, জপমালা প্রার্থনা হচ্ছে আমাদের নিত্যদিনের সহজ-সরল মৌখিক প্রার্থনা। বিভিন্ন প্রার্থনার সংমিশ্রণ ও আবৃত্তিমূলক প্রার্থনা হলেও এটি একটি গভীর ধ্যানমূলক প্রার্থনা। তাই সাধু পোপ ২য় জন পল বলেছেন, “মা মারীয়ার প্রতি জপমালা প্রার্থনা হলো সেই মধুর শিকল, যা ঈশ্বরের সাথে আমাদের যুক্ত করে দেয়”। বিরতির পর অংশগ্রহণকারীগণ পাপস্বীকার সংস্কার গ্রহণ ও পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী আগ্নেশ বিশ্বাস বলেন, আমি একজন মারীয়া সংঘের সদস্যা। আমি অনেক অসুস্থ ছিলাম। আমার প্যারালাইসিস ছিল, হাঁটতে পারতাম না। মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে সুস্থ হয়েছি । আমি এখন খুব ভালো আছি। মা মারীয়া ও ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। পরিবারের সবাই প্রতিদিন সন্ধ্যায় পবিত্র জপমালা প্রার্থনা করি।

Please follow and like us: