সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন
‘যীশুর আহ্বান: তুমি আমার সঙ্গে চলো’ মূলভাবকে কেন্দ্রে করে ষষ্ঠ হতে কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অংশগ্রহণে চাঁদপুকুর ধর্মপল্লীতে জয়পুরহাট ধর্মপ্রদেশীয় আহ্বান সেমিনার অনুষ্ঠিত হয় । ৪ সেপ্টেম্বর বিভিন্ন ধর্মপল্লী হতে ফাদার-সিস্টার, ব্রাদারসহ ২১০ জন অংশগ্রহণ করেন ।
পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন জয়পুরহাট ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আন্তনি হাঁসদা। তিনি বলেন, আহ্বানের বীজ আমাদের অন্তরে লুকায়িত থাকে। এটাকে আবিস্কার করার জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হয়। খ্রিস্টযাগের উপদেশে জীবনাহ্বান সহভাগিতা করেন রাজশাহী ধর্মপ্রদেশের জুডিসিয়াল ভিকার ফাদার উইলিয়াম মুরমু। তিনি গল্পের আকারে তার ব্যক্তিগত জীবনাহ্বান সহভাগিতা করে সবাইকে ধর্মীয় জীবনে আসার অনুপ্রেরণা দান করেন।
আহ্বানের মূলভাবের আলোকে আলোচনা করেন ফাদার যোহন মিন্টু রায়। তিনি বাইবেলের পুরাতন ও নতুন নিয়ম থেকে প্রবক্তা সামুয়েল, ইসাইয়া ও দীক্ষাগুরু যোহন, শিষ্যগণ, মা মারীয়ার উদাহরণ দিয়ে বলেন, আহ্বান একটি সুক্ষ্ম ডাক যা শুনতে চাইলে একটু নীরব হতে হয়। অষ্টকল্যাণবাণীর আলোতে পথ চললে আমরা সঠিক আহ্বান আবিস্কার করতে পারি। ‘জীবন আহ্বান আবিস্কারের উপায় ও চালেঞ্জসমুহ’ এর উপর কথা বলেন সিস্টার মেরী চন্দ্রা, এসএমআরএ। তিনি বলেন, ভাল মাটির বীজের ন্যায় আমার অন্তরটাকে গড়ে তুলতে হবে। জাগতিকতাকে কম গুরুত্ব দিয়ে আধ্যাত্মিকতাকে অধিক গুরুত্ব দিলে আমরা ধর্মীয় জীবন আহবান বুঝতে পারবো।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় সন্ন্যাস সংঘের ব্রতধারী-ব্রতধারিণীগণ তাদের সংঘের কার্যক্রম তুলে ধরেন এবং সবাইকে ফাদার-সিস্টার-ব্রাদার হওয়ার জন্য আহ্বান করেন।




