সংবাদদাতা: সিস্টার রুলিতা খালকো, এসসি
রাজশাহী ধর্মপ্রদেশ কর্তৃক পরিচালিত বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মূলসুর ছিলো “এসো মেধা, সৃষ্টি ও পরিবেশের যত্ন নেই”। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতি ও বিশেষ অতিথিদের ফুল ও গানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে প্রদীপ জ্বালিয়ে বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিত-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রযুক্তি ও আবিষ্কার সম্পর্কে আগ্রহ তৈরি করে এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা, ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়ে থাকে। তাই প্রতি বছর সেন্ট লুইস হাই স্কুলে বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সভাপতি ফাদার বাবলু কোড়াইয়া অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্য বইয়ের সিলেবাস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক গঠন ও উন্নয়নের জন্য সেন্ট লুইস হাই স্কুলে সহশিক্ষা কার্যক্রমের উপর সর্বদাই বিশেষ গুরুত্ব দেয়া হয়। তাই শিক্ষার্থীদের করণীয় হলো সিলেবাসের পড়ালেখার সাথে সাথে সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করা।
বক্তব্য পর্ব শেষে প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় অতিথিদের নিয়ে বিজ্ঞান মেলার স্টল উদ্বোধন এবং প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষকগণের পরিচালনায় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিবিধ কার্যক্রম চলতে থাকে। সম্মানিত অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ সারাদিনব্যাপী বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন। পরিশেষে, বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




