সংবাদদাতা: প্রশান্ত মুর্মু

মুণ্ডুমালা ধর্মপল্লীর অধিনস্ত গ্রাম কাজিপাড়ার ‘সাধু কার্লো আকুতিস শিশু শিক্ষালয়’-এ প্রথমবারের মতো পালিত হলো সাধু কার্লো আকুতিস দিবস। ১২ অক্টোবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী, সাধু জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীর সহকারি পাল পুরোহিত ফাদার উজ্জ্বল গমেজ, সাধু কার্লো আকুতিস শিশু শিক্ষালয়ের শিক্ষিকা, স্কুলের ম্যানেজিং কমিটি, গ্রাম প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ, সকল শিশু, অভিভাবকগণ ও গ্রামবাসীগণ।

অনুষ্ঠানসূচির প্রারম্ভে ছিলো পবিত্র খ্রিস্টযাগ। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার বিশ্বনাথ মারাণ্ডী। এরপর স্কুলের সকল ছোট শিশু, অভিভাবক, যুবক-যুবতী ও অভিভাবকদের অংশগ্রহণে বিস্কুট খাওয়া, পাতা কুড়ানো, বল রেস, লক্ষ্যভেদ, চেয়ার দখল, হাড়িভাঙা খেলার আয়োজন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। ফাদার উজ্জ্বল গমেজ তাঁর স্বাগত বক্তব্যে আগামীতে অনুষ্ঠানটি আরো বড় পরিসরে পালন করার আশাবাদ প্রকাশ করেন।

ফাদার বিশ্বনাথ মারাণ্ডী বক্তব্যে অবিভাবকদের ও গ্রামবাসীদের উৎসাহিত করে বলেন, সাধু কার্লো আকুতিস যেমন ছোটবেলা থেকেই অসহায় দরিদ্র ছেলেমেয়েদের সাহায্য করতেন, ডিজিটাল মিডিয়া ব্যবহার করে তাদের ধর্মের পথে আনতেন; তেমনি এখন থেকেই আপনাদের ছেলেমেয়েদের সে শিক্ষা দিবেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ডিজিটাল উপকরণের মধ্যে ভালো-মন্দ দুটি দিকই রয়েছে, তাই সন্তান তা কীভাবে ব্যবহার করছে তা আপনাদেরই দেখতে হবে। সন্তানেরা স্কুল থেকে বাড়ি ফিরে গেলে, স্কুলে কী শিখেছে তা জিজ্ঞাসা করবেন।

Please follow and like us: