সংবাদদাতা: অ্যান্থনি সজীব কুলেন্তুনু (ক্যাম্পাস প্রতিনিধি)
সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থীরা রাজকীয় আড়ম্বরে শুভেচ্ছা ও সম্মাননা অভিবাদন জানালো অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ডক্টর ফাদার শংকর ডমিনিক গমেজকে। জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নিকট হতে সম্মাননা স্মারক গ্রহণের পর প্রথম কার্যদিবসে এ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুরুতেই সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের ফটকের সামনে ফুলের মালা পরিয়ে নৃত্যের মাধ্যমে অধ্যক্ষ মহোদয়কে শুভেচ্ছা জানানো হয়। এরপর সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট গ্রুপ অধ্যক্ষ মহোদয়কে গার্ড অব ওনার প্রদান করে। সেই সাথে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে অধ্যক্ষ মহোদয়কে তার কার্যালয় পর্যন্ত সম্মান প্রদান করা হয়। এ সময় কলেজ বিল্ডিং থেকে প্রধান ফটক পর্যন্ত দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কলেজ শাখার প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান। এরপর শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান, মানপত্র পাঠ, এবং প্রীতি উপহার অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।
অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ অনুভূতি ব্যক্ত করে বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সকল শুভানুধ্যায়ীদের। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি আপনার শিক্ষার্থীদের মান উন্নয়নে কি কি করে থাকেন? আমি উত্তরে বলেছি আমার প্রতিষ্ঠানের শিক্ষকেরা শুধু পাঠ্যবই পড়ান না বরং শিক্ষার্থীদের বুঝিয়ে দেন। পড়ালেখার পাশাপাশি শিক্ষকগণ শিক্ষার্থীদের মানবিক গুণগুলো বিকশিত করার লক্ষ্যে নানা সহশিক্ষা কার্যক্রম করে থাকেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের যে মূল নীতিবাক্য ‘শিখো ও সেবা করো’ এর প্রতিফলন ঘটে থাকে।




