বরেন্দ্রদূত সংবাদদাতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী ধর্মপ্রদেশীয় বিশপীয় প্রতিনিধিদলের সদস্যরা। ১৯ অক্টোবর তাঁরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং উপস্থিত ভক্তদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

বিশপীয় প্রতিনিধিদলে প্রতিনিধিত্ব করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও, ফাদার উইলিয়াম মুরমু, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, হলিক্রশ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ব্রাদার চয়ন কোড়াইয়া, সিএসসি, অন্যান্য ফাদার-সিস্টার ও কারিতাস কর্মকর্তাবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্মানবোধ জোরদার করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীসহ সমগ্র দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

 

Please follow and like us: