সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ

মুণ্ডুমালা ধর্মপল্লীর অন্তর্গত কাজীপাড়া গ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রার্থনাময় পরিবেশে পালিত হলো গির্জার প্রতিপালিকা কলকাতার সাধ্বী মাদার তেরেজার পর্ব দিবস। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পর্বে মাদার তেরেজা সংঘের মায়েরা ও গ্রামের খিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।

খ্রিস্টযাগের পূর্বে শোভাযাত্রার মধ্য দিয়ে গির্জাঘরে প্রবেশ করা হয়। শোভাযাত্রায় ছিল নাচ, গান, সাধ্বী তেরেজার প্রতিমূর্তিবহন ও স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন ও ধূপারোতি। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উজ্জ্বল সি. গমেজ। উপদেশে তিনি বলেন, কলকাতার সাধ্বী মাদার তেরেজা ছিলেন একজন জীবন্ত সুসমাচার। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে ঈশ্বরের অসীম ভালবাসা প্রকাশ করেছেন। খ্রিস্টের ভালবাসা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কেননা তাঁর জীবনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল মথি রচিত মঙ্গলসমাচারের ২৫:৪০ পদে যিশুর এই উক্তি “তোমরা আমার এই ক্ষুদ্রতম ভাইদের একজনের জন্যে যা কিছু করেছ, তা আমারই প্রতি করেছ”। তাই তিনি রাস্তায় অসুস্থ, ক্ষুধার্ত, দরিদ্র, মৃত্যুপথযাত্রী ও অবহেলিত শিশুদের মধ্যে যিশুকে দেখতে পেতেন।

ফাদার উজ্জ্বল মাদার তেরেজার নানা গুণাবলী তুলে ধরে সবাইকে তার মত নম্র, বিনয়ী, প্রার্থনাশীল ও সেবাকর্মী হওয়ার আহ্বান জানান। খ্রিস্টযাগের পর জীবন সহভাগিতা ও সংঘের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

Please follow and like us: