সংবাদদাতা: ফাদার জের্ভাস মুরমু
এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় বাগানপাড়া কাথিড্রালের কবরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, বাগানপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মার্ডী, অন্যান্য ফাদার, নির্মাণকাজের ইঞ্জিনিয়ার ও এলাকার খ্রিস্টভক্তসহ সরকারী কর্মকর্তাগণ।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। তাই এই কবরস্থানকে সুন্দর করার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোন প্রয়োজনে আমি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিব। বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের উন্নয়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ একসাথে যাত্রা করব। বিশপ জের্ভাস রোজারিও ভারপ্রাপ্ত প্রশাসককে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসক মহোদয় অসুস্থ থাকা সত্বেও আমাদের মঙ্গলের কথা চিন্তা করে এখানে উপস্থিত হয়েছেন; আর এটা তার ভালবাসারই বহিঃপ্রকাশ।
এরপর কবরস্থানের লিপিফলক উন্মোচন করেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিশপ জের্ভাস রোজারিও। কবরস্থানের কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য বিশপ মহোদয় আশীর্বাদ প্রার্থনা করেন। পরিশেষে, স্নেহনীড় প্রতিবন্ধী হোস্টেলের ছেলেমেয়েরা কীর্তন ও নৃত্যের মধ্য দিয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।




