বরেন্দ্রদূত সংবাদদাতা
সুরশুনিপাড়া ধর্মপল্লীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশপ পল গমেজের সংবর্ধনা এবং শিশুদের প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। ফাদার-সিস্টার, শিশু-কিশোর, অভিভাবক ও খ্রিস্টভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ যে, বিশপ পল গমেজ ১৯৯৩ খ্রিস্টাব্দে যাজকীয় অভিষেকের পর সহকারী পাল পুরোহিত হিসেবে সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রথম পালকীয় সেবাকাজ করেন।
১ অক্টোবর বিশপ পল গমেজকে ধর্মপল্লী ও গ্রামের পক্ষ থেকে মিশন মোড় থেকে আদিবাসী কৃষ্টিতে নৃত্য, পা ধোয়ানো ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ধর্মপল্লীতে আনা হয়। ২ অক্টোবর পবিত্র খ্রিস্টযাগে বিশপ পল গমেজ প্রধান পৌরোহিত্য করেন। খ্রিস্টযাগে তিনি খ্রিস্টভক্ত ও প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী শিশুদের উদ্দেশ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রার্থনা, ভালোবাসা ও খ্রিস্টিয় মূল্যবোধে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী শিশুরা যথাযথ প্রস্তুতির মাধ্যমে প্রথমবারের মতো পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে। এ সময় তাদের মুখে ছিল আনন্দ ও শ্রদ্ধার প্রকাশ। অভিভাবক ও ধর্মপল্লীর সদস্যরাও শিশুদের এই গুরুত্বপূর্ণ বিশ্বাসযাত্রার অংশীদার হন।
খ্রিস্টযাগের পর ছিলো বিশপ পল গমেজের সংবর্ধনা অনুষ্ঠান। বক্তারা বিশপ পল গমেজের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সেবামূলক জীবন ও খ্রিস্টমণ্ডলীর প্রতি অবদানের কথা স্মরণ করেন। বিশপ পল গমেজও সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পালকীয় কাজের স্মৃতিচারণ ও ধর্মপল্লীর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুদের বিশ্বাসে বেড়ে ওঠা এবং পরিবার ও সমাজে খ্রিস্টিয় ভালোবাসার সাক্ষ্য দেওয়ার আহ্বান জানান।




