সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
“হায়রে আমি মঙ্গলবাণী যদি না প্রচার করি!” (১ম করি: ৯:১৬) মূলভাবকে কেন্দ্র করে সাধু পিতর ও পৌলের ধর্মপল্লী, পাথরঘাটায় অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। ৩০ অক্টোবর অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ফাদার আন্তনী হাঁসদা, ভিকার জেনারেল জয়পুরহাট ধর্মপ্রদেশ; ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ, ড. আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক, রাজশাহী কারিতাস অঞ্চল, ফাদার বেলিসারিও সিরো, পাল পুরোহিত, পাথরঘাটা ধর্মপল্লী, ফাদার সাগর তপ্ন ও সিস্টারসহ বিভিন্ন গ্রাম থেকে আগত ১২০ জন খ্রিস্টভক্ত।
কর্মশালায় ড. আরোক টপ্য ‘সিনোডালিটি’ এর উপর আলোচনা এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। ফাদার আন্তনী ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালার অগ্রাধিকারের উপর সহভাগিতা করেন এবং প্রশ্নের উত্তর প্রদান করেন। অংশগ্রহণকারীগণ নিজ নিজ গ্রামের জন্য অগ্রাধিকার বেছে নিয়ে গ্রামে বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেন।
পরিশেষে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে প্রতিটি গ্রামের প্রতিনিধিদের হাতে পবিত্র বাইবেল ও ধর্ম বই তুলে দেওয়া হয়।




